শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

স্মার্ট ট্রাফিক ব্যবস্থা ছাড়া আধুনিক নগর সম্ভব নয়: আইজিপি

জাতীয় ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৫:৪৭ পিএম

স্মার্ট ট্রাফিক ব্যবস্থা ছাড়া আধুনিক নগর সম্ভব নয়: আইজিপি

আইজিপি মো. আলী হোসেন ফকির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর পরিচালনা করা সম্ভব নয়। বুধবার সকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে আয়োজিত ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও টেকসই সমাধান অনুসন্ধানের লক্ষ্যে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত দ্রুত নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং নগর অর্থনীতির সম্প্রসারণ সড়ক ব্যবস্থাপনাকে রাষ্ট্রের অন্যতম প্রধান চ্যালেঞ্জে পরিণত করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন তিনি ট্রাফিক পুলিশের পেশাদারত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন। 

রাস্তায় দায়িত্বরত একজন সার্জেন্ট শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না, বরং তিনি রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তাই পুলিশের প্রতি জনআস্থা বাড়াতে ট্রাফিক সদস্যদের আচরণ, পেশাদারত্ব ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় ট্রাফিক পুলিশের আচরণের মাধ্যমেই গড়ে ওঠে বলে তিনি উল্লেখ করেন।কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা ঢাকা শহরের ট্রাফিক জট নিরসনে প্রযুক্তিনির্ভর সমাধান, গণপরিবহন ব্যবস্থার সংস্কার এবং অবৈধ পার্কিং উচ্ছেদের ওপর জোর দেন।

 ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই কর্মশালায় উত্থাপিত সুপারিশগুলো ভবিষ্যতে ঢাকা মহানগরের পরিবহন পরিকল্পনা প্রণয়নে এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।