মার্চ ২০, ২০২৬, ০৫:৫৪ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বৈষম্যহীন ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি তাঁর লিখিত বার্তায় উল্লেখ করেন যে মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানগণ অন্যায় ও অবিচার মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের সুযোগ পান।
ঈদের এই পবিত্র দিনে ধনী ও গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দের ভাগাভাগি করেন যা সাম্য ও সৌহার্দ্যময় সমাজ গঠনের ভিত্তি।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন শান্তি ও সম্প্রীতির একটি রাষ্ট্র গঠনে ঈদুল ফিতরের তাৎপর্য অত্যন্ত গভীর। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশে একটি বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার শুভ সূচনা হয়েছে। একটি ন্যায়ভিত্তিক এবং স্বনির্ভর দেশ বিনির্মাণের যে অভিযাত্রা বর্তমানে চলমান রয়েছে পবিত্র ঈদের শিক্ষা সেখানে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি।বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশের বর্তমান পরিস্থিতির কথাও রাষ্ট্রপতির বাণীতে উঠে এসেছে। তিনি উল্লেখ করেন যে বিশ্ব পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত অভিঘাত বাংলাদেশের ওপর কিছুটা বিরূপ প্রভাব ফেলেছে তবে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করছে।
এই সংকটকালে সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানো বর্তমান সময়ের দাবি। বাণীর শেষ অংশে তিনি প্রাণপ্রিয় মাতৃভূমি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও উত্তরোত্তর উন্নতির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন এবং সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন