মার্চ ২৯, ২০২৬, ০১:৫৯ পিএম
মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে জানানো হয় যে জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।
নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উপসচিব পর্যায়ের দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে জেলা পর্যায়ের প্রশাসনিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
প্রজ্ঞাপন অনুযায়ী রাজশাহী জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর এবং সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক করা হয়েছে। চাঁদপুর জেলায় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমদ জিয়াউর রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি,এম, সরফরাজকে হবিগঞ্জ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীর জেলা প্রশাসক করা হয়েছে। মেহেরপুরে নিয়োগ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব (উপসচিব) মুহঃ রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যেই এই রদবদল সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন