মার্চ ৩০, ২০২৬, ১২:৪৪ পিএম
সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় এটি বিল আকারে সংসদে পাস করার আর কোনো প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাতে জাতীয় সংসদ ভবনে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট গণভোট অধ্যাদেশের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং এর অধীনে ভবিষ্যতে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। ফলে এই অধ্যাদেশটি নতুন করে অনুমোদন দিয়ে আইন করার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করে বিশেষ কমিটি।
বৈঠকের বিস্তারিত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো অধ্যাদেশ বর্তমান রূপেই পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বেশ কিছু অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে।
আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্ট জাতীয় সংসদে পেশ করা হবে বলে তিনি জানান। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সব বিষয়ে ঐকমত্য হয়নি। বিশেষ করে গণভোট, মানবাধিকার কমিশন গঠন এবং বিচার বিভাগ পৃথকীকরণের মতো মৌলিক ১৫টি ইস্যুতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই বৈঠক নিয়ে ভিন্ন বক্তব্য এসেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, তারা গুরুত্বপূর্ণ ১৫টি মৌলিক বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রদান করেছেন।
বিশেষ করে গণভোট প্রক্রিয়ার আইনি বৈধতা এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো স্পর্শকাতর বিষয়ে কমিটির সিদ্ধান্তের সঙ্গে তারা একমত হতে পারেননি। সংসদীয় এই বিশেষ কমিটির পরবর্তী পদক্ষেপ এবং ২ এপ্রিল সংসদে উত্থাপন হতে যাওয়া রিপোর্টের দিকে এখন রাজনৈতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন