এপ্রিল ১৮, ২০২৬, ০১:০১ পিএম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ এক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই বিশেষ সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক ও সরাসরি কোনো বৈঠক। মূলত মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়া এবং সরকারের স্বাস্থ্য নীতিগুলোকে তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে সময়োপযোগী ও আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র এবং চলমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী সরাসরি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।
গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোবল বাড়াতে এবং সেবার গুণগত মান বজায় রাখতে তিনি সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সম্মেলনের এক পর্যায়ে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তৃণমূলের মানুষের কাছে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের কর্মতৎপরতার প্রশংসা করে তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মাঠ পর্যায়ের এই কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। এই সম্মেলনের মাধ্যমে কর্মকর্তাদের ওপর অর্পিত নতুন দায়িত্ব ও নির্দেশনাগুলো তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন