এপ্রিল ২০, ২০২৬, ১০:২০ পিএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর প্রক্রিয়াটি বর্তমানে প্রাথমিক ধাপে রয়েছে। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক জরুরি নোটিশের মাধ্যমে এই সংক্রান্ত সর্বশেষ তথ্য জানানো হয়।
ওই নোটিশে বলা হয়েছে, মাদরাসায় শূন্য পদের তথ্য প্রেরণের জন্য নির্ধারিত সফটওয়্যার ও ওয়েব লিংকটি বর্তমানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূলত শূন্য পদের তথ্য সংগ্রহের সফটওয়্যারটি আরও উন্নত করার জন্য কারিগরি সংস্কার কাজ চলছে।
কারিগরি এই উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকদের জানিয়ে দেওয়া হবে। এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়নের স্তরে পৌঁছায়নি।
নীতিমালার খুঁটিনাটি চূড়ান্ত করার পর সফটওয়্যার আপডেট করে মূল কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা শিক্ষকদের বদলি সংক্রান্ত সব ধরণের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা এবং চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর থেকেই অনলাইনে আবেদন গ্রহণের কাজ পুরোদমে শুরু হবে। বদলির আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়ম ও স্বচ্ছতা অনুসরণ করা হবে যাতে কোনো ধরণের বৈষম্য বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়। তবে পুরো বিষয়টি এখন মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনার ওপর নির্ভর করছে।
উল্লেখ্য যে, বর্তমানে সারাদেশে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে ৫ হাজার ৭৬৭টি দাখিল পর্যায়ের, ১ হাজার ২৮৫টি আলিম, ৯৯৩টি ফাযিল এবং ১৮৪টি কামিল পর্যায়ের মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থার দাবিতে আন্দোলন করে আসা এসব শিক্ষকদের জন্য এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক হলেও কারিগরি ও নীতিনির্ধারণী কাজের জন্য তাঁদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। কাজ শেষ হলে দ্রুততম সময়ে বদলি প্রক্রিয়া দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন