মে ১, ২০২৬, ০৫:০১ পিএম
স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া একটি ঐতিহাসিক সত্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে বিল উত্থাপনের সময় জামায়াতে ইসলামী নীরব ছিল। এই নীরবতা সম্মতিরই বহিঃপ্রকাশ, যা এনসিপি লিখিতভাবেও সমর্থন করেছিল।
শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকুপায় মহান মে দিবস উপলক্ষে পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী তাঁর বক্তব্যে সমসাময়িক রাজনীতি ও দেশের প্রশাসনিক কঠোর অবস্থানের চিত্র তুলে ধরেন।
আসাদুজ্জামান বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, একটি চেয়ারম্যান পদের জন্য সহিংসতা বা প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শৈলকুপাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
পৌর শ্রমিক দলের এই সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, কৃষকদল নেতা ওসমান আলী বিশ্বাস এবং বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু। এ ছাড়া সভায় নজরুল জোয়ার্দার, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়াসহ উপজেলা ও পৌর ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন