রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ০৯:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

লিমনের লাশ ঢাকায় পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত লাশ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেছেন কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং। গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর থেকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করে। এই প্রক্রিয়ায় নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের মধ্যে সমন্বয় করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, কনসাল জেনারেল ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছিলেন।

এদিকে একই ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এরপর মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট পরিবারের সম্মতিতে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয়। পিনেলাস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারের কাছে মরদেহটি সংশ্লিষ্ট ফিউনারেল হোমে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, আগামী ৬ মে বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মায়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

হত্যাকাণ্ডের শিকার দুই শিক্ষার্থীই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ছাত্র ছিলেন। মরদেহ হস্তান্তরের পর বিমানবন্দর থেকে লিমনের কফিনটি তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা।