মে ৭, ২০২৬, ০৭:৪৩ পিএম
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সোলার খাতে নীতিগত সহায়তা ও কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘পাওয়ার, এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের সোলার খাতের প্রসারের জন্য প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতিমধ্যে একটি সভা সম্পন্ন হয়েছে এবং খাতের ভিত্তি ঠিক করা হয়েছে।
বিদ্যুৎমন্ত্রী জানান, সোলার খাতে ব্যবসায়ীদের যাতে বেশি কর দিতে না হয়, সে বিষয়ে আলোচনা চলছে। চলতি মাসের মধ্যে একটি খসড়া নীতি তৈরি করে জুন মাসে মন্ত্রিসভার অনুমোদন নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী পাঁচ বছরে সোলার বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় সরকার।
বিদ্যুতের মূল্য বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, আগে বিদ্যুতের দাম বাড়ুক, তারপর এ বিষয়ে বক্তব্য দেওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।সোলার বিদ্যুতের কার্যকর ব্যবহারে স্টোরেজ বা সংরক্ষণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, শুধু দিনের বেলা ৪ ঘণ্টা বিদ্যুৎ দিয়ে সর্বোচ্চ চাহিদা পূরণ সম্ভব নয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চাহিদার পিক আওয়ারে ব্যবহারের জন্য উন্নত ব্যাটারি ও সংরক্ষণ ব্যবস্থার দিকে নজর দিচ্ছে মন্ত্রণালয়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের দাবির বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নিয়ম রয়েছে। তবে পবিত্র ঈদ সামনে রেখে কেনাকাটার সুবিধার্থে ব্যবসায়ীরা সময় বাড়ানোর অনুরোধ করেছেন। বিষয়টি সরকার বিবেচনা করছে বলে তিনি উল্লেখ করেন।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই আন্তর্জাতিক মেলা চলবে ৯ মে পর্যন্ত। এক্সপোনেন্ট একজিবিশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই ৯মে আন্তর্জাতিক ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোতে ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অনুষ্ঠানে টেকসই বিদ্যুৎ, জ্বালানি ও সবুজ নির্মাণকৌশল নিয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন