মে ৭, ২০২৬, ০৮:০০ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি (ভারপ্রাপ্ত) কমিশনার মো. সরওয়ার। বিশেষ করে জাল টাকা, অজ্ঞানপার্টি, মলমপার্টি এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য মাঠ পর্যায়ে পুলিশের অভিযানের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদে পশুর হাটগুলোর আশপাশে যেন যানজটের সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি।
শহরজুড়ে ফুট পেট্রোল বা পায়ে হেঁটে টহল কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।থানা এলাকার নিরাপত্তা বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করে কমিশনার জানান, প্রতিটি এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সেজন্য সব পর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সকল থানার ওসি ও উর্ধ্বতন কর্মকর্তারা এই অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় গত মাসের অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করে আসন্ন উৎসবের নিরাপত্তা ছক চূড়ান্ত করা হয়। মূলত কোরবানির পশুর হাট ও ঈদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের এই বিশেষ তৎপরতা শুরু হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন