মে ১১, ২০২৬, ১২:২৯ পিএম
জনগণের কাছে পুলিশের হারানো আস্থা ফিরিয়ে আনতে এই বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের প্রধান শক্তি হলো জনগণের বিশ্বাস। সেই বিশ্বাস অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।
তিনি আরও জানান, পুলিশের কল্যাণে তাদের মনোবল বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা বাড়াতে সরকার এরই মধ্যে বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পুলিশের জন্য উন্নত আবাসন, হাসপাতাল, এবং সন্তানদের জন্য খেলার মাঠ তৈরির মতো প্রস্তাবনাগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে।
সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির তার বক্তব্যে সাম্প্রতিক গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশকে একটি জনপ্রিয় ও জনসম্পৃক্ত বাহিনী হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।
ক্রমবর্ধমান অপরাধ এবং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আইজিপি আরও উল্লেখ করেন যে, আধুনিক বিশ্বে সাইবার অপরাধ একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হুমকি মোকাবিলায় পুলিশ বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন এবং সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানের প্রয়োজন রয়েছে।একই সাথে আইজিপি পুলিশের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি পর্যাপ্ত যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বৃদ্ধির ওপর জোর দেন।
তিনি মনে করেন, সরঞ্জাম ও প্রযুক্তির উন্নয়ন ঘটলে পুলিশ আরও দ্রুত ও কার্যকরভাবে জনসেবা নিশ্চিত করতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইজিপির এসব প্রস্তাবনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, সরকার একটি আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়তে বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর সদস্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে খুব দ্রুতই জনগণের প্রকৃত বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন