মে ১৬, ২০২৬, ১২:০৩ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার দেশের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা সাত দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করেছে সরকার। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে যারা পরিবার ও প্রিয়জনদের নিয়ে দেশের বাইরে ভিসা ছাড়া ভ্রমণ করতে চান, তাদের জন্য এই ছুটি এক বড় সুযোগ তৈরি করেছে। পাসপোর্ট সচল থাকলে কোনো ধরনের আগাম ভিসার ঝামেলা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা বিশ্বের ৩৬টি দেশে অনায়াসে ঘুরে আসতে পারবেন।
সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ের সবশেষ সূচকে এই আকর্ষণীয় তথ্যটি উঠে এসেছে।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৪ মে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ফলে দীর্ঘ ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে ভ্রমণপিয়াসীরা ইতিমধ্যেই নিজেদের পছন্দমতো দেশের বাইরে যাওয়ার জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ভিসার দীর্ঘ লাইনে দাঁড়ানোর ক্লান্তি কিংবা আবেদন বাতিলের ভয় ছাড়াই ঈদের ছুটিতে নতুন কোনো দেশ আবিষ্কারের এমন সুযোগ ভ্রমণকারীদের জন্য বেশ সুবিধাজনক হবে।
তবে এই তালিকায় থাকা কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা অর্থাৎ বিমানবন্দরে পৌঁছানোর পর তাৎক্ষণিক ভিসা নেওয়ার সুবিধা মিলবে।ভিসা ছাড়া ভ্রমণ সুবিধার এই তালিকায় এশিয়ার নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও নীল জলরাশির দেশ মালদ্বীপের মতো অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন দ্বীপঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা এবং ফিজি। আফ্রিকার রোমাঞ্চকর দেশ কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা ও সেশেলস দ্বীপপুঞ্জও বাংলাদেশিদের জন্য আগাম ভিসা ছাড়া ভ্রমণের এই বিশেষ সুযোগ দিচ্ছে। হিমালয়ের কোল ঘেঁষে থাকা দেশ থেকে শুরু করে সমুদ্র সৈকত কিংবা আফ্রিকার বন্যপ্রাণী দেখার রোমাঞ্চকর সব পর্যটন কেন্দ্র এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় থাকা বাকি দেশগুলোর মধ্যে গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, সামোয়া ও সিয়েরা লিওন অন্যতম। এছাড়া সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু দ্বীপাঞ্চলেও বাংলাদেশিরা সরাসরি যাওয়ার সুবিধা পাবেন। কয়েকটি দেশের ক্ষেত্রে ভ্রমণের ঠিক আগে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ই-ভিসা সংগ্রহ করতে হবে বলে আন্তর্জাতিক সূচকে উল্লেখ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন