মে ১৭, ২০২৬, ০৪:০৭ পিএম
দীর্ঘদিন পর দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন। আজ রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে গতকাল এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই নির্বাচিত সরকারের ক্ষমতায়ন মানেই দেশের সাধারণ মানুষের ক্ষমতায়ন বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা গেছে বলে জানান মাহদী আমিন।
তিনি বলেন, এই জনসমুদ্র কেবল ফ্যামিলি কার্ড বিতরণের কোনো সাধারণ কর্মসূচি নয়, এটি চাঁদপুরবাসীর আবেগ ও আশার এক ঐতিহাসিক জাগরণ। প্রধানমন্ত্রী যখন লাল বাসে চড়ে আসছিলেন, তখন পথে পথে গণমানুষের ঢল নামে। কেবল প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে মায়েরা পর্যন্ত রাস্তায় নেমে আসেন।
বর্তমান সরকারের তিন মাসের সফলতার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের ভেতরে নির্বাচনি প্রতিশ্রুতিগুলো ধরে ধরে বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশটাকে বদলে দিতে হলে প্রতিটি সমাজ ও পরিবারকে মায়েদের হাত ধরে বদলে দিতে হবে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে এবং নারীদের ক্ষমতায়ন আরও বেশি গতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চাঁদপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত ওই জনসভায় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন