শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয় ডেস্ক

মে ২০, ২০২৬, ১২:৫৭ পিএম

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলের উল্লাস

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানে জয় পেয়েছে শান্ত-মিরাজের দল। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল স্বাগতিকরা।

দুই শূন্য ব্যবধানে সিরিজ নিশ্চিত করে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার এই কীর্তিতে বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন গৌরবময় সাফল্য আগামীতে অব্যাহত থাকবে। 

এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দলের এই ঐতিহাসিক অর্জনে সরকারপ্রধান অত্যন্ত আনন্দিত। দলের ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে ভবিষ্যতে বিশ্বমঞ্চে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আনন্দঘন এই মুহূর্তে ক্রিকেটার, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজ জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছে বাংলাদেশ। ভারতকে পেছনে ফেলে ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। অন্যদিকে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত।