মে ২৬, ২০২৬, ০৪:০২ পিএম
ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক তদারকি ও জননিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার ঢাকা পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি জানান, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হচ্ছে।
গত ১৭ বছরের অব্যবস্থাপনা কাটিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
মন্ত্রী জানান, ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সেন্ট্রাল মনিটরিং সেলকে বিশেষ কার্যকর করা হয়েছে। সব মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও পশুর হাটে বাড়তি নজরদারি বসানো হয়েছে। যেখানে সিসিটিভি নেই, সেখানে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মহাসড়কে ঝুঁকি নিয়ে ছাদযাত্রার বিরুদ্ধেও তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
অনুমোদিত হাটের বাইরে অবৈধ পশুর হাট বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।জাল নোট শনাক্তকরণে ব্যাংকগুলোর সহায়তায় প্রতিটি হাটে বিশেষ মেশিন বসানো হয়েছে বলে মন্ত্রী জানান।
এছাড়া সলিমপুরের মতো এলাকায় আইনবিরোধী তৎপরতা রুখতে প্রশাসনিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।ঈদযাত্রায় মহাসড়কের জট কমাতে ডিজিটাল অটোমেশন চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন