জুন ৮, ২০২৬, ১০:৫৪ পিএম
নাগরিকসেবায় অবহেলা করলে কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, দায়িত্বে শিথিলতা দেখালে চাকরিচ্যুত করার মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার রাজধানীর বাসাবোর বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে আয়োজিত এক গণশুনানিতে তিনি এ কথা বলেন। জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা পৌঁছে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।গণশুনানিতে অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর বিভিন্ন এলাকার নাগরিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সসহ নানাবিধ সমস্যা ও অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা।
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এসব প্রশ্নের জবাব দেন।প্রশাসক মো. আবদুস সালাম জানান, নাগরিক সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের মূল কাজ। তবে বর্জ্য অপসারণ কিংবা মশা নিধনে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। তিনি দায়িত্ব ৫০-৫০ ভাগে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মৌসুম উল্লেখ করে তিনি প্রতিটি এলাকায় মশক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। নাগরিকদের নিজস্ব আঙ্গিনা, ফুলের টব ও ফ্রিজের নিচের অংশ পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মন্তব্য করেন, জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রে স্বচ্ছতাই সুশাসনের ভিত্তি। ধানমন্ডির পর এটি ছিল ডিএসসিসির দ্বিতীয় গণশুনানি। পর্যায়ক্রমে করপোরেশনের ১০টি অঞ্চলেই এই ধরনের আয়োজন করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন