জুন ১০, ২০২৬, ১০:০৭ পিএম
জাতীয় সংসদে পিলখানা হত্যা, সাগর-রুনি হত্যা, ওসমান হাদি এবং জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডসহ বিগত সময়ের সব হত্যার বিচারের দাবি জানিয়েছেন শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। বুধবার বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এই ন্যায়বিচারের আহ্বান জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিশু জাবির ইব্রাহিম জীবন দিয়েছিল।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে রোকেয়া বেগম বলেন, পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত সব হত্যার বিচারকার্যের গতি ত্বরান্বিত করতে হবে। তিনি তার সন্তান জাবির ইব্রাহিমসহ সব শহীদের পরিবারের পক্ষ থেকে এই দাবি তুলে ধরেন। চব্বিশের জুলাই-আগস্টে পরিবারের চোখের সামনেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল শিশু জাবির।
অন্যদিকে, বুধবার সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের প্রতিফলন। এই হেল্পডেস্ক সংসদ সদস্যদের গবেষণামূলক তথ্য সরবরাহের মাধ্যমে বাজেট আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংসদে শহীদ জাবিরের মায়ের এই আবেগঘন দাবি ও বিচারের আহ্বান উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সব হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করছেন সংসদ সদস্যরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন