শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শুরু

জাতীয় ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৫:৪২ পিএম

বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যকার এই আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। বৈঠকে অংশগ্রহণের জন্য গ্রেট হলে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জমকালো লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, দ্বিপাক্ষিক এই আলোচনা ও সই হতে যাওয়া চুক্তিগুলো বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে ঐতিহাসিক ভূমিকা রাখবে। 

এবারের শীর্ষ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য ব্যবধান কমানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বেইজিংয়ের কর্মসূচি শুরুর আগে প্রধানমন্ত্রী চীনের বিভিন্ন নামী ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের বিশেষ সেমিনারে যোগ দেন।

এর আগে চীনের দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বার্ষিক সম্মেলন শেষে গত বুধবার বিকেলে বিশেষ বুলেট ট্রেনে বেইজিং পৌঁছান সরকারপ্রধান। দালিয়ানের মূল সম্মেলনে ৯০টিরও বেশি দেশের এক হাজার ৭০০ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কাজাখস্তানসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন তিনি। সফরসূচি অনুযায়ী, শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ওই দিনই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।