শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বেনজীরকে দেশে ফেরানোর নথিপত্র পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৭:২২ পিএম

বেনজীরকে দেশে ফেরানোর নথিপত্র পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত জবাব দেওয়া হয়নি। আজ শুক্রবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।

তবে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি নথিপত্র সময়মতো পাঠানো হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে গ্রেফতার করার পর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশকে এই খবরটি জানায়। 

পরবর্তীতে তাঁকে দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আমিরাত কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে নথিপত্র চেয়েছিল, যা বাংলাদেশ প্রশাসন মাত্র তিনদিনের মধ্যে তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কাছে পাঠিয়েছে। এই বিষয়ে আরব আমিরাত সরকারের আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং খুব শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সাথে ব্রিফিংয়ে শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে ভারত সরকার গ্রেফতার করেছে এবং তারা বর্তমানে কলকাতায় রয়েছে। ভারতের সাথে বিদ্যমান এক্সট্রাডিশন বা বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র যথাসময়ে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হয়েছে এবং এই প্রক্রিয়া সম্পন্ন হলে অসম্পূর্ণ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা যাবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কঠোর ও সজাগ অবস্থানের কারণে ভারত সীমান্তে বড় ধরনের কোনো পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটানো সম্ভব হয়নি। ভারত যেভাবে পুশইনের চেষ্টা করছে তা কোনো আইনি প্রক্রিয়া নয় এবং সেখানে যদি কোনো প্রকৃত বাংলাদেশি নাগরিক থেকে থাকে, তবে ভারত সরকার যেন নিয়মতান্ত্রিক উপায়ে তালিকা প্রদান করে। নাগরিকত্ব যাচাই-বাছাই সাপেক্ষে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।