জুলাই ১, ২০২৬, ০২:২৪ পিএম
দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার ১ জুলাই দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
নিকার এই নীতিগত অনুমোদনের ফলে দেশের প্রশাসনিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসছে।নতুন অনুমোদন পাওয়া উপজেলা তিনটি হচ্ছে চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লা জেলার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ গঠন করার প্রস্তাবও বৈঠকে সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে।
এর বাইরেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এই নতুন প্রশাসনিক পুনর্বিন্যাসের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।
নিকার প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে বাঙ্গরা উপজেলা গঠিত হচ্ছে। অন্যদিকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে নতুন পাগলা উপজেলা গঠন করা হবে।গুরুত্বপূর্ণ এই নিকার বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবগণ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন