জুলাই ৪, ২০২৬, ১১:২৪ পিএম
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির অন্যতম দাবি ছিল এই রুটটি পুনরায় চালু করা। বর্তমান সরকারের নেওয়া উদ্যোগে এই রুটে বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে।আগামী সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে পৌঁছাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর বিজি-২০৮ এর যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে। হুমায়ুন কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই এই রুটটি চালুর বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। বিএনপি সরকার গঠনের পর চার মাসের মধ্যেই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।
ফ্লাইটটি পুনরায় চালুর প্রক্রিয়াটি সফল করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে কাজ করা হয়েছে। মন্ত্রী ও উপদেষ্টার সদিচ্ছা ও পরিকল্পনার ফলেই প্রবাসীদের এই প্রাণের দাবি পূরণ সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের কাছে এই সরাসরি ফ্লাইট শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি পরিবার ও স্বজনদের সঙ্গে আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ফ্লাইটটি ফের চালু হওয়ার খবরে প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। বিমান চলাচল শুরু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন