জুলাই ৬, ২০২৬, ০৭:১৩ পিএম
আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সরকারের সঙ্গে সমন্বয় করে দেড় মাসের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব।
রাজধানীর নির্বাচন ভবনে এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে স্থানীয় সরকারের প্রায় সব স্তরের নির্বাচন বাকি রয়েছে। সংবিধান ও আইনের ধারাবাহিকতা রক্ষায় পর্যায়ক্রমে এসব নির্বাচন সম্পন্ন করতে হবে। অক্টোবরকে সামনে রেখে কমিশন নিজস্ব উদ্যোগে প্রস্তুতি শুরু করেছে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোন স্তরের নির্বাচন আগে হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়নি। তবে বাস্তবতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়ার সম্ভাবনা বেশি। এই দুটি নির্বাচন শেষ হলে পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা রয়েছে।
পুরো স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। ইসি সূত্রে জানানো হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হতে পারে। তবে এবারের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না এবং অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন