জুলাই ৯, ২০২৬, ০৬:৪৩ পিএম
মাদকের মধ্যে ভেজাল নেই, কিন্তু খাদ্যপণ্যে ভেজাল রয়েছে — এটি অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনে সম্পূরক প্রশ্নের সময় এভাবেই নিজের উদ্বেগের কথা তুলে ধরেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। বৃহস্পতিবার অধিবেশনে তিনি ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান।খাদ্যমন্ত্রীকে উদ্দেশ করে এমপি মুন্নী এ প্রশ্ন রাখেন।
তিনি বলেন, বাজারে ফলের মৌসুমে কোনটি ফরমালিনমুক্ত আর কোনটি স্বাস্থ্যসম্মত, তা সাধারণ মানুষের পক্ষে নিশ্চিত হওয়া কঠিন। এ অবস্থা কতদিন চলবে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। সংসদ সদস্য বলেন, ভেজালের দুনিয়া, কিন্তু মাদকে ভেজাল নেই। তিনি খাদ্যের মান সংরক্ষণ এবং সাধারণ জনগণ যাতে নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারে, সেজন্য সরকারের কাছে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপের দাবি জানান।
খাদ্যমন্ত্রী সংসদ সদস্যের উত্থাপিত এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, খাদ্যে ভেজালের কারণে দেশে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের প্রকোপ বাড়ছে। খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নিয়মিত নজরদারি ও কার্যক্রম চলমান রয়েছে।
সংসদে উপস্থিত অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের বিদ্যমান নীতিমালা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেন মন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন