জুলাই ১৮, ২০২৬, ০৮:০৪ পিএম
প্রবাসী বাংলাদেশিদের বহুমুখী সেবা নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে।শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রবাসী কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং আর্থিক প্রণোদনা প্রদান। একই সঙ্গে ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাও এই প্রকল্পের অংশ।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এবার প্রবাসী কার্ডের যাত্রা শুরু হচ্ছে।বৈঠকে জানানো হয়েছে, কার্ডধারীরা অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বিশেষ ইমিগ্রেশন বুথ, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়, প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার। এছাড়াও সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং প্রবাসী কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহনের সুবিধা যুক্ত করা হয়েছে।
প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে এই ডেবিট কার্ড ইস্যু করা হবে। আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সব কার্যক্রম পরিচালিত হবে।
প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিকীকরণের পাশাপাশি বিশ্বের সব দেশে অবস্থানরত প্রবাসীদের এই কার্ডের আওতায় আনার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন