বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মশা নিধনে দেশীয় প্রযুক্তির উদ্ভাবনকে গুরুত্ব দিলেন স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৪:৪৮ পিএম

মশা নিধনে দেশীয় প্রযুক্তির উদ্ভাবনকে গুরুত্ব দিলেন স্থানীয় সরকারমন্ত্রী

ছবি - সংগৃহীত

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি করপোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে তিনি অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে এই মন্তব্য করেন।

লার্ভা ধ্বংস করাই মশা নিধনের প্রধান কাজ।মন্ত্রী বলেন, মশা নিধনে এখন পর্যন্ত যেসব উপকরণ ব্যবহার করা হচ্ছে, সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশীয় মশা নিধক তৈরির পথ সুগম হবে। এর ফলে বিদেশ থেকে আমদানিনির্ভরতা কমবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সিটি করপোরেশন ও সরকারের সমন্বিত উদ্যোগে লার্ভা ধ্বংস করতে পারলে মশার উপদ্রব নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি মত দেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত উদ্ভাবক এম. এ. হামিদ খান তার উদ্ভাবিত মশা লার্ভা নিয়ন্ত্রণ প্রযুক্তির কার্যকারিতা ও কৌশল তুলে ধরেন। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ উপযোগী প্রযুক্তি ব্যবহার এবং দেশীয়ভাবে লার্ভা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে পারলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া সম্ভব।

উদ্ভাবক এম. এ. হামিদ খান বলেন, সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই এই উদ্যোগ সফল করা সম্ভব। সিটি করপোরেশনগুলো যদি নালা-নর্দমা ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত লার্ভা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিরাপদ প্রযুক্তি সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেয়, তবে প্রতিটি পরিবার নিজ আঙিনায় মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। বক্তারা আরও বলেন, দেশীয় উৎপাদন জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা তৈরিতে সহায়ক হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।