জুলাই ২৫, ২০২৬, ০৬:১১ পিএম
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং রাজধানীর শেরেবাংলা নগরে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ।রোববার এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হবে।ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে যে রোববার সকাল সাড়ে এগারোটার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এর পর সেখান থেকে দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যাবেন। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এর আগে গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এই দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন কর্মসূচি হিসেবে নির্ধারিত হয়েছে।নতুন রাষ্ট্রপতির এই কর্মসূচি ঘিরে প্রয়োজনীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন