আগস্ট ৪, ২০২৬, ০৩:৩৩ পিএম
রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও পেশাজীবীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে। সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে এই কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার উদার ও উন্মুক্ত মনোভাব নিয়ে সবার কথা শুনতে চায় এবং প্রাপ্ত মতামতগুলোর ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন করা হবে। কমিটির সুপারিশের পর তা বিল আকারে সংসদে আসবে এবং বিস্তারিত আলোচনার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণকারী একটি সংশোধনী গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কমিটিতে প্রতিনিধিত্ব করার জন্য বিরোধী দলকে পাঁচ সদস্যের নাম দেওয়ার অনুরোধ করা হলেও এখন পর্যন্ত তা পাওয়া যায়নি। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল নাম না দিলেও তাদের সংসদ সদস্যদের মতামত ও পরামর্শ আন্তরিকভাবে গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত আটচল্লিশটি প্রস্তাব পর্যালোচনা করে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হবে, সেগুলো সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হবে।সংবিধান সংশোধনের এই কাজটিকে কোনো চ্যালেঞ্জ হিসেবে না দেখে একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে দেখছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন