শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
জাতীয় সংসদ

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৮:৩৬ পিএম

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এই সভা হয়। সভার শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন করা হয়।

মন্ত্রণালয়ের কার্যক্রমে শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নিয়ে কমিটির সদস্যরা জানান, বিগত ১৭ বছরের বিভিন্ন গ্লানি মুছে নতুন উদ্যমে মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তর পরিচালনা করতে হবে। এ সময় দেশে গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

রাজনীতিতে শিষ্টাচার রক্ষার বিষয়ে বৈঠকে সুনির্দিষ্ট আলোচনা হয়। সদস্যরা ক্ষোভ প্রকাশ করে জানান, গত দুই বছরে রাজনীতিতে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচার রোধে সাইবার নিরাপত্তা আইন কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়। একই সঙ্গে সবার মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের সংস্কার, প্রয়োজনীয় মেরামত এবং এর মিলনায়তনকে দ্রুত আধুনিকায়ন করার বিষয়ে গুরুত্ব দেন উপস্থিত সদস্যরা।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া সংসদ সদস্য আশরাফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান বাবুল, মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, শফিকুল ইসলাম ও নাজমুন নাহার উপস্থিত ছিলেন। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।