বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
ইলিশ রক্ষা

ইলিশ আমাদের জাতীয় সম্পদ, রক্ষার দায়িত্বও আমাদের সবার: প্রতিমন্ত্রী টুকু

জাতীয় ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৪:৩১ পিএম

ইলিশ আমাদের জাতীয় সম্পদ, রক্ষার দায়িত্বও আমাদের সবার: প্রতিমন্ত্রী টুকু

ইলিশ আমাদের জাতীয় সম্পদ এবং এই সম্পদ রক্ষা করার দায়িত্বও আমাদের সবার। সবাই মিলে সচেষ্ট হলেই কেবল এই মূল্যবান সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, একটি ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ এবং একটি বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। এই সম্পদ বিশেষ করে জেলেদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সরকার সবসময় জলাশয় উন্মুক্ত রাখার পক্ষে কথা বলে আসছে এবং ‍‍`জাল যার জলা তার‍‍` নীতি বর্তমান নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। ইলিশ সুরক্ষার এই কার্যক্রমে মাত্র বাইশ দিন ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি জানান, জেলেদের প্রতি পরিবারকে পঁচিশ কেজি করে চাল সহায়তা প্রদান করা হচ্ছে। এ কদিন কষ্ট করলে শেষ পর্যন্ত জেলেদের নিজেদেরই সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে।

তিনি উল্লেখ করেন, পৃথিবীর যে কয়টি দেশে ইলিশ উৎপাদিত হয়, তার মধ্যে একাই প্রায় সত্তর শতাংশ ইলিশ উৎপাদন করে থাকে বাংলাদেশ। এটি একটি জিআই পণ্য হওয়ায় এর বিশেষ অর্থনৈতিক ও জাতীয় গুরুত্ব রয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্যসচিব সোহেল রানা।