সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৪০ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন গণতন্ত্রের একটি নতুন ভিত্তি স্থাপন করবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনকে তিনি শুধু একটি সাধারণ নির্বাচন হিসেবে না দেখে গণতন্ত্রের নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে এবং গণতন্ত্রকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে।
বৈঠকে দুই নেতা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং অলিম্পিকের মতো বৈশ্বিক ক্রীড়া ইভেন্টে সামাজিক ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া, তারা রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়েও বিস্তারিত মতবিনিময় করেন। ড. ইউনূস প্যারিস ২০২৪ অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করতে সামাজিক ব্যবসা উদ্যোগের ওপর জোর দেন এবং অন্যান্য অলিম্পিক ইভেন্টেও এই মডেল অনুসরণ করার কথা বলেন।
মেয়র অ্যানে হিদালগো সংকটময় মুহূর্তে ড. ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং তার অসাধারণ কাজের প্রশংসা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন