শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

প্রবারণা পূর্ণিমায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৪:১৩ পিএম

প্রবারণা পূর্ণিমায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের সাক্ষাৎ

ছবি - সংগৃহীত

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল। রোববার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাকে বৌদ্ধবিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বৈঠকে রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য দ্রুততম সময়ে শ্মশানের জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বৌদ্ধ নেতৃবৃন্দ। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি জানানোর মাত্র দশ দিনের মধ্যে শ্মশানের জন্য স্থান বরাদ্দ দেওয়া হয়েছে, যা ইতিহাসে একটি অনন্য ঘটনা। এতদিন ঢাকায় কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী মারা গেলে শেষকৃত্যের জন্য মরদেহ নিয়ে বহু পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে যেতে হতো।

এই বরাদ্দের ফলে তাদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হলো।শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এ বছর কঠিন চীবর দান উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। একইসাথে সার্বক্ষণিক সহযোগিতার জন্য ধর্ম মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিও বৌদ্ধ নেতারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিনিধিদলটি তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনা এবং বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্করের নামে একটি জ্ঞানচর্চা কেন্দ্র গড়ে তোলাসহ বিভিন্ন দাবি প্রধান উপদেষ্টার নিকট তুলে ধরেন।

এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, পার্বত্য ভিক্ষু সংঘের ভিক্ষু কল্যাণ জ্যোতি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও উপস্থিত ছিলেন।