বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও বাস্তব চ্যালেঞ্জ

ফারহানা তাসনিম ইমি -বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

জুন ১২, ২০২৬, ০৩:০৪ পিএম

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও বাস্তব চ্যালেঞ্জ

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিকে ভবিষ্যতের একমাত্র ভরসা হিসেবে দেখা হচ্ছে। সৌর ও বায়ুশক্তিকে টেকসই উন্নয়নের অলৌকিক সমাধান হিসেবে উপস্থাপন করা হলেও এর বাস্তব পথ মোটেও মসৃণ নয়। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উচ্চ প্রাথমিক বিনিয়োগ, বিদ্যুৎ সঞ্চয়ের সমস্যা এবং গ্রিড ব্যবস্থাপনার জটিলতা এই খাতকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সক্ষমতার কারণে বাস্তব চিত্র অনেক বেশি জটিল রূপ ধারণ করেছে।

আমাদের বর্তমান জ্বালানি মডেলটি মূলত আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর দাঁড়িয়ে আছে।বিশ্ববাজারে তেলের দামের সামান্য ওঠানামা, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা কিংবা ডলারের ওপর অতিরিক্ত চাপ সরাসরি দেশের কৃষি, শিল্প ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শুধু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে অনেক বেশি। প্রতিবছর বাংলাদেশ জ্বালানি আমদানিতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে তা দিয়ে পদ্মা সেতুর মতো দুটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। 

এই সংকটের কারণে নবায়নযোগ্য জ্বালানিকে এখন শুধু পরিবেশ রক্ষার হাতিয়ার নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতার কেন্দ্রীয় ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানি যেমন বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তৈরি করছে, তেমনি এর সীমিত মজুত ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তাকে বড় হুমকির মুখে ফেলছে।বাংলাদেশ ২০০৮ সালে লক্ষ্য নির্ধারণ করেছিল যে ২০২০ সালের মধ্যে মোট বিদ্যুতের ১০ শতাংশ আসবে নবায়নযোগ্য উৎস থেকে। কিন্তু বাস্তব চিত্র বেশ হতাশাজনক এবং চলতি ২০২৬ সালেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। 

দেশে নবায়নযোগ্য জ্বালানির অংশ এখনো মোট উৎপাদন সক্ষমতার মাত্র ৫ শতাংশের আশেপাশে অর্থাৎ প্রায় ১ হাজার ‍‍`<৬৯০ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অথচ প্রতিবেশী দেশ ভারতে এই নবায়নযোগ্য জ্বালানির অংশ ইতিমধ্যে ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে। নতুন সরকারি নীতিতে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ নবায়নযোগ্য সক্ষমতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, আমলাতান্ত্রিক জটিলতা, স্বচ্ছতার অভাব এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অভাবই এই লক্ষ্য পূরণ না হওয়ার প্রধান কারণ।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবচেয়ে বড় তর্কের জায়গা হলো ভূমির সীমাবদ্ধতা। সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বিপুল পরিমাণ জমির প্রয়োজন হয়, যা ঘনবসতিপূর্ণ এই দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় বাধা। তবে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা মনে করেন ভূমির এই সংকটটি আসলে কিছুটা অপপ্রচার। প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে আগে যে পরিমাণ জমি লাগত, এখন তার ঠিক অর্ধেক জমিতেই একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

কৃষিজমি নষ্ট না করে শিল্পকারখানার ছাদ, নদী, হাওর ও বিল ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে দেশে। ছাদভিত্তিক সৌর প্যানেল ব্যবহার করে শিল্প ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো এতে সরকারের বড় কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। এটি বাস্তবায়ন করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদন খরচ ২০ শতাংশ পর্যন্ত সাশ্রয় হতে পারে।

অন্যদিকে কৃষিতে সৌর সেচপাম্পের ব্যবহার ডলার সাশ্রয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। দেশে প্রায় ১৫ লাখ ডিজেলচালিত সেচপাম্প রয়েছে, যা বছরে প্রায় ১৩ লাখ মেট্রিক টন ডিজেল পোড়ায়। এই পাম্পগুলো ধাপে ধাপে সৌরচালিত করা গেলে বছরে প্রায় ১ বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে। ইতিমধ্যে ১ লাখের বেশি সৌর সেচপাম্প স্থাপিত হয়েছে এবং কৃষকেরা জানিয়েছেন যে ডিজেলের তুলনায় তাঁদের সেচ ব্যয় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এছাড়া নদী ও হাওরে ভাসমান সৌর প্যানেল এবং সোলার ফিশারির মাধ্যমে একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন এবং প্যানেলের নিচে মাছ চাষ করা সম্ভব, যা পানির বাষ্পীভবন কমায় এবং মাছের উৎপাদন ১৫ শতাংশ বাড়িয়ে দেয়।

উত্তরাঞ্চলের পানির সংকট কাটাতে প্রস্তাবিত তিস্তা জলাধার প্রকল্পটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হতে পারে।ডালিয়ার উজানে একটি জলাধার নির্মাণ করলে বর্ষার পানি জমিয়ে রেখে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা দেওয়া যাবে। কারিগরি সমীক্ষা অনুযায়ী, এই জলাধার থেকে প্রায় ১০০ থেকে ২০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে। এটি regional জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবেও বড় ভূমিকা রাখবে।

তবে নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় ব্যবহারিক বাধা হলো এর উচ্চ প্রাথমিক বিনিয়োগ ব্যয় এবং নীতিগত বৈষম্য। আমদানিকৃত ইনভার্টারের ওপর প্রায় ৩৭ শতাংশ কর ও ভ্যাট দিতে হয়, যা সামগ্রিক প্রকল্প ব্যয় অনেক বাড়িয়ে দেয়। ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি ঋণ দিতে অনীহা প্রকাশ করে, যদিও বাংলাদেশ ব্যাংক ৫ থেকে ৬ শতাংশ সুদে সবুজ পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে। কিন্তু এই তথ্য সব উদ্যোক্তার কাছে পৌঁছায়নি। আবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতো বড় প্রতিষ্ঠানের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা কেন বড় নবায়নযোগ্য প্রকল্প নিতে পারছে না, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।

সৌরশক্তির আরেকটি বড় সীমাবদ্ধতা হলো এর অনিয়মিত উৎপাদন, কারণ সূর্য না থাকলে সৌরশক্তি এবং বাতাস না থাকলে বায়ুশক্তি পাওয়া যায় না। এর স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা উন্নত ব্যাটারি ব্যবস্থা। বৈশ্বিকভাবে লিথিয়াম ব্যাটারির দাম গত ১০ বছরে ৯০ শতাংশ কমলেও বাংলাদেশে এর বড় আকারের ব্যবহার এখনো শুরু করা যায়নি। গ্রিডকে আধুনিকীকরণ না করলে নবায়নযোগ্য শক্তির উচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়।

এই খাতে বিশ্ববাজারের দিকে তাকালে চীন, ভিয়েতনাম ও পাকিস্তানের সফল মডেলগুলো আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে। চীন গত পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানিতে যে পরিমাণ বিনিয়োগ করেছে তা বাকি বিশ্বের মোট বিনিয়োগের সমান। ভিয়েতনাম ফিড-ইন ট্যারিফ নীতির মাধ্যমে মাত্র চার বছরে সৌরবিদ্যুৎ উৎপাদন শূন্য থেকে ১৭ গিগাওয়াটে নিয়ে গেছে। পাকিস্তান সরকার সৌর সরঞ্জাম আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দিয়ে এক অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীও এখন পাকিস্তানের এই মডেল অনুসরণ করে ৫ বছরের কর অবকাশ এবং নামমাত্র শুল্কে সরঞ্জাম আমদানির সুযোগ দেওয়ার কথা গুরুত্বের সাথে ভাবছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার প্রযুক্তিগত নয়, বরং নীতিগত সমস্যার কারণে অনেক ধীরগতির হয়ে পড়েছে। বর্তমানে স্রেডা এবং বিপিডিবি এই খাত দেখভাল করলেও তাদের মধ্যে চরম সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতা দৃশ্যমান। সিপিডির মতে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বাতিল করা প্রয়োজন, কারণ এটি স্বচ্ছ প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে এবং দুর্নীতিকে উত্সাহিত করে। দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা থাকলে সৌরবিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৭ থেকে ৮ টাকায় নামিয়ে আনা সম্ভব।

নবায়নযোগ্য জ্বালানি হিসেবে বায়োফুয়েলের কথা বলা হলেও পরিবেশবিদেরা খাদ্যশস্য থেকে জ্বালানি তৈরির ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে খাদ্যশস্য থেকে জ্বালানি তৈরি করার ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে খাদ্য সংকট দেখা দিচ্ছে। আমাদের মতো দেশে খাদ্যশস্য নষ্ট করে জ্বালানি তৈরি করা কোনোভাবেই মানবিক বা যোগ্য সমাধান হতে পারে না। বরং বর্জ্য বা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা উচিত, যেন মিথেন গ্যাস বের হয়ে পরিবেশের ক্ষতি না করে।বাংলাদেশের জন্য সাশ্রয়ী ঋণ, কর ছাড়, ছাদভিত্তিক সৌরের প্রসার এবং তিস্তা জলাধারের মতো বহুমুখী প্রকল্পের বাস্তবায়নই হবে টেকসই সমাধানের মূল চাবিকাঠি।