আবু সায়াদাত লুলু
জুলাই ২২, ২০২৬, ০৩:৪০ পিএম
Picture - Ai
বিখ্যাত ইসলামী সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার আবু সায়াদাত লুলু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে অন্যের দোষ খোঁজার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তাঁর পোস্টে কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইসলামে অন্যের দোষ খোঁজা বা গোপন বিষয় অনুসন্ধান করা সম্পূর্ণ হারাম। নিজের ত্রুটি ভুলে অন্যের দোষ তালাশ করার পরিণতি সম্পর্কে ইসলামে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে বলেছেন, মুমিনদের অনেক অনুমান থেকে দূরে থাকতে হবে। কারণ কিছু অনুমান পাপ। একে অপরের দোষ অনুসন্ধান বা গীবত করতেও নিষেধ করা হয়েছে। সূরা আহযাবের ৫৮ নম্বর আয়াতের বরাত দিয়ে জানানো হয়েছে, যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ আর স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।
রাসূল (সা.)-এর হাদিস উল্লেখ করে পোস্টে বলা হয়েছে, যারা মুখে ঈমান এনেছে কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করেনি, তারা যেন মুসলমানদের গীবত না করে এবং দোষ না খোঁজে। কারণ যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন এবং তাকে নিজ ঘরেও অপদস্থ করেন। এটি সুনান আবূ দাউদ শরিফে উল্লেখ রয়েছে।
সহীহ মুসলিম শরিফে হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দোষ-ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তার দোষ গোপন রাখবেন। আরেকটি হাদিসের বর্ণনায় বলা হয়েছে, মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকতে হবে। কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। একে অন্যের গোয়েন্দাগিরি, হিংসা, বিদ্বেষ ও শত্রুতা পোষণ করতে নিষেধ করা হয়েছে এবং সবাইকে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।