আগস্ট ৪, ২০২৬, ০৩:৪৭ পিএম
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার রাজপথে গড়ে ওঠা প্রতিরোধ এই অঞ্চলের রাজনৈতিক পটপরিবর্তনে এক বিশেষ ভূমিকা রেখেছিল। আন্দোলনসংশ্লিষ্টদের মতে, সেদিন আলেখারচর বিশ্বরোড ও কোটবাড়ীসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার জোরালো অবস্থানের ফলেই আন্দোলনের মোড় ঘুরে যায় এবং পরদিন ৫ আগস্টের পরিবর্তনের পথ প্রশস্ত হয়।
সেই দিন সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে শুরু করেন সাধারণ শিক্ষার্থী ও জনতা।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে একটি মিছিল আলেখারচর বিশ্বরোডের দিকে এগোলে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই সময় গুলি চালালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরের দিকে সেনাবাহিনী সাঁজোয়া যান নিয়ে মাঠে নামলে পরিস্থিতি নতুন মোড় নেয় এবং ছাত্র-জনতা ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।
কুমিল্লা-৫ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সেদিনের সেই উত্তাল পরিস্থিতির কথা স্মরণ করে জানান, ছাত্র-জনতার সাহসিকতা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীর উপস্থিতি রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে বড় প্রভাব ফেলেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক আবু রায়হানও ৪ আগস্টকে কুমিল্লার আন্দোলনের একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন