রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৫:২৭ পিএম

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং জুলাই সনদে দলটির চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এই বৈঠক শুরু হয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, এই জরুরি বৈঠকের মূল আলোচ্যসূচি দুটি। প্রথমত, বহুল আলোচিত জুলাই সনদে দলটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

দ্বিতীয়ত, আজ দুপুরে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেওয়া ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও বিস্তারিত প্রতিক্রিয়া জানানো।

এনসিপি নেতারা জানান, তারা প্রধান উপদেষ্টার ভাষণের বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছেন।বেলা আড়াইটায় দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। এছাড়া তিনি জানান, নতুন সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

এনসিপি ইতোমধ্যেই উচ্চকক্ষ গঠনের বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছিল। এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনগুলো নিয়েই এনসিপি তাদের পর্যালোচনা শুরু করেছে।এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, তাদের পর্যালোচনা শেষ হওয়ার পরই দলের অবস্থান স্পষ্ট করে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই বৈঠকে উচ্চকক্ষ গঠন এবং জুলাই সনদে তাদের চূড়ান্ত সমর্থন দেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। এই সিদ্ধান্ত দেশের চলমান রাজনৈতিক ঐকমত্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।