নভেম্বর ১৭, ২০২৫, ০৩:৩৩ পিএম
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রায় ঘোষণার পর সোমবার বিকাল তিনটার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এই রায়কে স্বচ্ছ ও নিরপেক্ষ বলে মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, "এই বিচার যথার্থ হয়েছে।" তিনি আরও বলেন, এই বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল এবং ট্রাইব্যুনালের রায় সারা পৃথিবী সরাসরি দেখেছে।
এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতার ওপর জোর দেন। একই সঙ্গে, জামায়াতের এই শীর্ষ নেতা পূর্ববর্তী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়গুলোর সঙ্গে এই রায়ের স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, এর আগে ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, তা ছিল সম্পূর্ণ সাজানো বিচার। তিনি দাবি করেন, ওই সময় আদালত চত্বর থেকে সাক্ষী গুম করা, স্কাইপ কেলেঙ্কারি এবং বিদেশ থেকে রায় লিখে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তার মতে, বর্তমান রায় সেই সব সাজানো বিচার থেকে সম্পূর্ণ ভিন্ন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আসাদুজ্জামান খাঁন কামালকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা যার রায় হলো আজ। সোমবার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন