নভেম্বর ১৭, ২০২৫, ০৬:৩৩ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কঠোর রাজনৈতিক অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে, যা অবশ্যই আসন্ন নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে।
সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আল্টিমেটাম দেন।
নাহিদ ইসলাম মন্তব্য করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় পৃথিবীতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ও দ্রুত কার্যকর করতে হবে।
এছাড়া যেসব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব ফ্যাসিস্ট, তাদের দোসর এবং যেসব সরকারি কর্মকর্তারা অভিযুক্ত রয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।তিনি বলেন, যেদিন শহীদ আবু সাঈদ নিহত হয়েছিলেন, সেদিনই আমরা শপথ নিয়েছিলাম, এই হত্যার বিচার আদায় করেই ছাড়ব। এই রায় বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এদেশে সাধারণ মানুষের ওপর যে জুলুম-নির্যাতন করা হয়েছিল, গুম-খুন ও মানবাধিকারহরণসহ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা ও জুলাইয়ের গণহত্যার রায়। তবে তিনি বলেন, "আমরা কেবল এই রায় পেয়েই সন্তুষ্ট নই। আমরা সেদিনই শান্তি পাবো, যেদিন আমাদের জীবদ্দশায় শুনতে পাবো যে, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে।
নাহিদ ইসলাম অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। তিনি নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর প্রসঙ্গে আশা ও দাবি জানান, তিনি যেন শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফেরেন। এছাড়া তিনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করার দাবি জানান। এনসিপির আহ্বায়ক বলেন, আজকের রায়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয়, বরং দল ও প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই গণহত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন।
এক প্রশ্নের উত্তরে তিনি রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের সাজা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, রাজস্বাক্ষী হলেও এই গণহত্যার পেছনে তার হাত রয়েছে এবং তার আরও বেশি সাজা হওয়া উচিত ছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন