নভেম্বর ২০, ২০২৫, ০৬:৪৬ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে পদ ফিরে পাওয়ায় অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা প্রদান করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। গত বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় নিমতলা মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান নবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে বহাল করা হয়। দীর্ঘ পাঁচ বছর পর সভাপতির পদ ফিরে পাওয়ার পর বুধবার দুপুর দুইটায় তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তাকে বরণ করতে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা দেন।এরপর এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে ফুলবাড়ীতে নিয়ে আসা হয়।
ফুলবাড়ী পৌর শহরের উর্বশী মোড়ে এক খোলা মঞ্চে তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।নেতা-কর্মীরা জানান, অধ্যক্ষ খুরশিদ আলম মতি ফুলবাড়ী উপজেলা বিএনপির অভিভাবক। তাঁকে পদচ্যুত করায় নেতা-কর্মীরা অভিভাবকহীন হয়ে পড়েছিলেন। দীর্ঘদিনের বিরতির পর সেই অভিভাবককে ফিরে পেয়ে তারা আনন্দিত। কেবল নেতা-কর্মীই নয়, এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সাধারণ মানুষেরও ঢল নামে। তারা বলেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি এ অঞ্চলের সাধারণ মানুষেরও অভিভাবক। তাঁকে ফিরে পাওয়ায় সবাই আনন্দিত।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন