রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
মামুনুল হক

বাউল আবুল সরকারের বক্তব্য ধর্মপ্রাণ মানুষের ঈমানি চেতনায় আঘাত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৪:১২ পিএম

বাউল আবুল সরকারের বক্তব্য ধর্মপ্রাণ মানুষের ঈমানি চেতনায় আঘাত

বাউল আবুল সরকারের প্রকাশ্য আল্লাহদ্রোহী, অবমাননাকর ও ঈমান-বিধ্বংসী বক্তব্য দেশজুড়ে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

তিনি বলেন, এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং জনগণের ন্যায্য দাবির প্রেক্ষিতে তার গ্রেপ্তার আইনের শাসন রক্ষারই স্বস্তিদায়ক পদক্ষেপ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।মাওলানা মামুনুল হক তার বিবৃতিতে বলেন, দুঃখজনকভাবে আবুল সরকারের সমর্থকরা মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে উসকানিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে।

তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক দল, কিছু বুদ্ধিজীবী ও ইসলামবিরোধী চক্র আল্লাহর প্রতি চরম অবমাননাকর বক্তব্যকে আড়াল করে কুখ্যাত এই বাউলের পক্ষাবলম্বন করছে।তিনি অভিযোগ করেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব ঠাকুরগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে তৌহিদী জনতার ন্যায্য প্রতিবাদকে ‘উগ্রবাদী-ধর্মান্ধ চক্রের কাজ’ বলেছেন। মাওলানা মামুনুল হক এই পক্ষাবলম্বী সব গোষ্ঠীর অসত্যোপাসনাকে উদ্বেগজনক আখ্যা দেন।

তিনি বলেন, তারা অপরাধীর ধর্মবিরোধী বক্তব্য নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি; বরং আল্লাহ ও দ্বীনের বিরুদ্ধে অবমাননাকে আড়াল করে মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে ‘উগ্রবাদ’ বলছে, যা বিগত ফ্যাসিবাদী ভাষাচর্চারই পুনরাবৃত্তি। তিনি তৌহিদী জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধতা’ বলাকে সংঘাত উসকে দেওয়ার শামিল বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, আবুল সরকারের আল্লাহদ্রোহী বক্তব্য জঘন্য ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ। তিনি সরকারের প্রতি দাবি জানান, আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি শাস্তি নিশ্চিত করতে হবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের প্রতি শূন্য সহনশীলতার নীতি কার্যকর করতে হবে। পাশাপাশি, রাজনৈতিক মহলকে ধর্মীয় বিষয়ে সংযত, দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ বক্তব্য প্রদানের চর্চা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।