বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

‘হাদির ওপর নিষিদ্ধ বাহিনী হামলা করেছে’: শিবির সেক্রেটারি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:১০ পিএম

‘হাদির ওপর নিষিদ্ধ বাহিনী হামলা করেছে’: শিবির সেক্রেটারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীকে ‘নিষিদ্ধ বাহিনী’ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে নিহত ৭ শিবিরকর্মীর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শরিফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক। আপসহীন নেতৃত্বে তিনি আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর জারি রেখেছেন।

শিবির সেক্রেটারি জানান, গুলিবিদ্ধ হওয়ার দুই-তিন দিন আগেও ওসমান হাদির সঙ্গে তার কথা হয় এবং হাদি বারবার তাকে বলতেন যে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।সাদ্দাম বলেন,আমরা বারবার তাকে রিকুয়েস্ট করতাম—হাদি একটু সাবধানে থাকো, বের হইয়ো না। সে বলসে মউতের ফয়সালা আসমানে হয়। আমি যদি ঘরের ভেতরও থাকি তাও তো মারা যাব। সুতরাং ঘরের ভেতর থেকে মৃত্যুবরণ করতে নয়, রাজপথে থেকে মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম হয়েছে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সেই শরিফ ওসমান হাদির ওপর গুপ্ত বাহিনী, নিষিদ্ধ বাহিনী হামলা করেছে। তিনি মহান রবের কাছে তার প্রাণ ভিক্ষা চেয়ে বলেন, এই বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের এক আতঙ্কে পরিণত হয়েছে।শিবিরের সেক্রেটারি আরও বলেন, যারা মনে করে গুম, খুন, হত্যা বা দেশান্তরিত করার মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরকে নির্বাসিত করা যাবে, তারা ভুল করছে।এক রক্তের বিনিময়ে হাজারো রক্ত জন্ম নেয়। ... লাখ লাখ তরুণ যুবক কোরআনের প্রেমে আসক্ত হয়ে ইসলামী আন্দোলনের পথে তাদের জীবনকে বিনিয়োগ করতে ওয়াদাবদ্ধ হয়েছে।”

এই আলোচনা সভায় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকারসহ শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭ জন শিবিরকর্মী গুলিতে নিহত হয়েছিলেন।