ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:৪৭ পিএম
আগামীকাল ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর প্রতি শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তারেক রহমান ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি উল্লেখ করেন, দেশের বুদ্ধিজীবীদের হত্যা ছিল দেশকে মেধাশূন্য করে স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করার গভীর চক্রান্ত। তাদের রেখে যাওয়া আদর্শ—মুক্ত চিন্তা, সম্প্রীতির চেতনা এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় আজও জাতিকে অনুপ্রাণিত করে।তবে তিনি আক্ষেপ করে বলেন,অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে। একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ প্রতিহত করা হয়েছে।
তারেক রহমান বিশ্বাস করেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ কেবল তখনই বাস্তবায়িত হবে যখন দেশে আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে।তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে।”
এই শোকাবহ দিনে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে যেন সবাই একসঙ্গে কাজ করে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন