রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:৩১ পিএম

মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণ প্রদান শেষে এবার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।

হাসপাতালের পথে যাত্রা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সংবর্ধনা মঞ্চ থেকে নেমে তিনি গাড়িবহর নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এটিই হবে মা ও ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিজিবি।

মাটি ছুঁয়ে আবেগঘন শুরু এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সপরিবারে (স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান) ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি এক নজিরবিহীন ও আবেগঘন দৃশ্যের অবতারণা করেন। গাড়ি থেকে নামার পর তিনি জুতা খুলে খালি পায়ে প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ করেন এবং পরম মমতায় হাতে এক মুঠো মাটি তুলে নেন।

সংক্ষিপ্ত ভাষণ ও দেশ গড়ার অঙ্গীকার ৩০০ ফিটের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমান তার প্রথম ভাষণে এক নতুন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখান। তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান” (আমার একটি পরিকল্পনা আছে)। তিনি মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আদলে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার করেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

বর্তমানে তারেক রহমানের গাড়িবহরটি কুড়িল বিশ্বরোড হয়ে এভারকেয়ার হাসপাতালের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে তিনি মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেবেন এবং চিকিৎসকদের সাথে কথা বলবেন। ছেলের আগমনে ‘ফিরোজা’ থেকে শুরু করে এভারকেয়ার পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চরম আবেগ ও উচ্ছ্বাস।