মো. আরিফ ইসলাম
ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:০৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী করার লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের হাবলু হাট দারুল আইতাম মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মো. মনজুরুল ইসলাম মঞ্জু।
বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, মনজুরুল ইসলাম একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা।
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু এ সময় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে, ধানের শীষের পক্ষে যে জনজোয়ার তৈরি হয়েছে, তার মাধ্যমে দীর্ঘ বছর পর এই আসনে বিএনপি পুনরায় জনসমর্থন ফিরে পাবে। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক নেতা-কর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।