রবিউল এহ্সান রিপন
ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:৩৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,দলের শীর্ষ নেতৃত্ব আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। নির্বাচিত হলে ঠাকুরগাঁও অঞ্চলের শিক্ষা, সামাজিক পরিবেশ এবং বিশেষ করে কৃষি ও কর্মসংস্থান সৃষ্টিতে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।
তিনি ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগের মতো এবারও আপনারা যদি আমাকে সমর্থন দেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করব।মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে এখন পর্যন্ত মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ২ আসনে ১০ জন এবং ৩ আসনে ১১ জন প্রার্থী রয়েছেন।