আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:৪৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, “আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত নির্বাচনগুলোর মতো পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার এবং হানাহানির নির্বাচন আমরা চাই না।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারজিস আলম আরও বলেন, “২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে রক্ত দিয়ে, অঙ্গ হারিয়ে এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিয়েছি।
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নসহ জামায়াত ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড়-১ ও ২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত মোট ১৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী রয়েছেন। সারজিস আলমের প্রার্থিতা এবং সংস্কার ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের ঘোষণা স্থানীয় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।