রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে শিল্পখাতে শান্তি আসবে না

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৮:২৪ পিএম

শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে শিল্পখাতে শান্তি আসবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন শ্রমিকদের ৫টি মৌলিক অধিকার নিশ্চিত করা সরকার ও মালিক পক্ষের দায়িত্ব। বুধবার ৭ জানুয়ারি বিকেলে তাঁর সাথে মতবিনিময়ের জন্য আগত শ্রমিক অধিকার জাতীয় এডভোকেসি এ্যালায়েন্সের একটি প্রতিনিধি দলের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন বাসস্থান ভাত কাপড় শিক্ষা ও চিকিৎসা এই ৫টি মৌলিক অধিকার প্রতিটি শ্রমিকের প্রাপ্য।

কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের শ্রমিকরা আজও এই অধিকার থেকে বঞ্চিত। ইসলামের বিধান অনুযায়ী মালিক যা খাবেন শ্রমিককেও তা খাওয়াবেন এবং নিজে যা পরবেন তাদেরও তা পরাবেন। এই নীতি বাস্তবায়ন হলে মালিক-শ্রমিক বৈষম্য দূর হবে এবং শিল্পখাতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করলেও পরবর্তীতে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। এটি বন্ধ করতে হবে। আগামী নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের মৌলিক অধিকার পূরণের স্পষ্ট ঘোষণা থাকতে হবে বলে তিনি দাবি জানান।

শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন আন্তর্জাতিক শ্রম আইন মেনে সুষম উন্নয়নের রাজনীতি চালু করতে হবে। শ্রমিকদের অধিকার বঞ্চিত করার কারণেই কলকারখানায় অসন্তোষ ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন লেবার ফেডারেশনের শাকিল আক্তার চৌধুরী বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের মো. জাকির হোসেন ও এ.এম. ফয়েজ হোসেন এবং শ্রমিক দলের প্রেসিডেন্ট আনোয়ার হোসাইন।