জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৫৪ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির মাঠে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোট। জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে বলীয়ান এনসিপি তাদের প্রথম নির্বাচনী বৈতরণী পার হতে জামায়াতকেই ‘সিঁড়ি’ বা প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে।
দলটির নেতারা মনে করছেন, রাজনীতিতে টিকে থাকতে এবং সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই মুহূর্তে জোটের বিকল্প নেই।
তবে এই কৌশলগত সিদ্ধান্তের কারণে বড় ধরনের অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েছে দলটি। জোট ঘোষণার পর থেকে কেন্দ্রীয় পর্যায়ের অন্তত ১৫ জন নেতা পদত্যাগ করেছেন।
কেন এই জোট? অস্তিত্ব নাকি কৌশল? গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এনসিপির সঙ্গে জোটের ঘোষণা দেন। পরদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, অন্তত ৩০টি আসন নিয়ে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে।এনসিপির নেতাদের ভাষ্যমতে, জুলাইয়ের যোদ্ধাদের মাইনাস করার জন্য মাঠে নানা পক্ষ সক্রিয়। এমন পরিস্থিতিতে সংসদে প্রতিনিধিত্ব জরুরি।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, “আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সংস্কার ও সুষ্ঠু বিচারের স্বার্থে এই জোট। এটি আদর্শিক কোনো জোট নয়, বরং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে এক বাক্সে ভোট হওয়ার কৌশল মাত্র।”দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উদাহরণ টেনে বলেন, “অতীতে বিএনপি-জামায়াত জোট হয়েছে, তাতে একে অন্যের আদর্শ গ্রহণ করেনি। আমাদের জোটও ঠিক তেমনই।”
গাজীপুর-২ আসনের এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান স্পষ্ট করেন, “এটি ভোটের জন্য একটা কৌশল মাত্র। আমাদের রাজনৈতিক লাইন আলাদা।পদত্যাগের হিড়িক ও অভ্যন্তরীণ কোন্দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত এনসিপির ভেতরে বড় ধরনের ভাঙন ধরিয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক (যিনি পরে বিএনপিতে যোগ দেন), মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনসহ অন্তত ১৫ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন।
পদত্যাগী নেতাদের অভিযোগ, এনসিপি তার ঘোষিত ‘নতুন বন্দোবস্তের’ রাজনীতি থেকে সরে এসে পুরোনো ঔপনিবেশিক ব্যবস্থার অংশীজনের সঙ্গে আপস করেছে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দল না ছাড়লেও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তিনি বলেন, “জামায়াত এনসিপির নির্ভরযোগ্য মিত্র হতে পারে না। এই সিদ্ধান্তের জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।সদস্য সচিব আখতার হোসেন এ বিষয়ে বলেন, “যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তবে এখনো কারও পদত্যাগপত্র অফিশিয়ালি গ্রহণ করা হয়নি। তাদের সঙ্গে আলোচনা চলছে।
বিশ্লেষকদের মত রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে বাংলাদেশের রাজনীতির স্বাভাবিক চিত্র হিসেবেই দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স ম আলী রেজা ও ড. মোহাম্মদ আইনুল ইসলামের মতে, নির্বাচনী জোটে আদর্শের চেয়ে কৌশলটাই মুখ্য। ছোট দলগুলো নির্বাচনী বৈতরণী পার হতে বড় দলের সঙ্গে জোট করে। উচ্চকক্ষে আসন পাওয়ার সম্ভাবনা এবং ভোট বৃদ্ধির স্বার্থে এনসিপির এই সিদ্ধান্তকে তারা কৌশলগতভাবে ইতিবাচক হিসেবেই দেখছেন।
এখন দেখার বিষয়, জামায়াতের ‘সিঁড়ি’ ব্যবহার করে এনসিপি সংসদে কতটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে এবং দলের অভ্যন্তরীণ ভাঙন কতটা সামাল দিতে পারে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন