জানুয়ারি ১০, ২০২৬, ১১:২৮ এএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারানো পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১০ নেতাকর্মী অবশেষে সুখবর পেয়েছেন। তাদের ওপর আরোপিত শাস্তিমূলক ব্যবস্থা তুলে নিয়ে পূর্বে দেওয়া দলীয় অব্যাহতি প্রত্যাহার করেছে নাজিরপুর উপজেলা বিএনপি।
শুক্রবার রাতে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর ফলে তৃণমূলের এই নেতারা আবারও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সুযোগ পেলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলারদোয়ানিয়া, নাজিরপুর সদর এবং শাঁখারীকাঠী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১০ জন নেতাকে তাদের পদ-পদবি ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন:
কলারদোয়ানিয়া ইউনিয়ন: ২নং ওয়ার্ড বিএনপির সদস্য আ. হালিম মাস্টার, ৭নং ওয়ার্ড সদস্য বরকত উল্লাহ তালুকদার, ৬নং ওয়ার্ড সদস্য মো. হাসনাত ডালিম, ৫নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মো. রেজোয়ান, ৩নং ওয়ার্ড সহসভাপতি মো. দেলোয়ার হোসেন এবং ৯নং ওয়ার্ড সদস্য মো. জাফর বাহাদুর।
নাজিরপুর সদর ইউনিয়ন: ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন হাজরা এবং ৯নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ খান।
শাঁখারীকাঠী ইউনিয়ন: ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সোহেল মল্লিক।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে এই ১০ নেতাকর্মীকে তাদের স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা ভুলের জন্য অনুতপ্ত হয়ে দলীয় ফোরামে আবেদন করেন। দলের নীতিনির্ধারণী পর্যায় সেই আবেদন পর্যালোচনা করে সন্তুষ্ট হওয়ায় তাদের অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন