জানুয়ারি ১১, ২০২৬, ০২:৪৫ পিএম
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে পূর্ণশক্তিতে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১১ জানুয়ারি) দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ প্রচার কৌশলের কথা জানানো হয়।
এনসিপি জানিয়েছে, সারা দেশের ৩০০টি সংসদীয় আসনেই তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলবে। প্রচারণা কার্যক্রমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: ১. প্রার্থী থাকা আসনে: যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রার্থী নিজেই প্রচারণা দলের নেতৃত্ব দেবেন।
তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এবং জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের গুরুত্ব তুলে ধরবেন।
২. প্রার্থী না থাকা আসনে: এনসিপি যেসব আসনে প্রার্থী দেয়নি, এমন মোট ২৭০টি আসনে বিশেষ ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। এই অ্যাম্বাসেডররা স্থানীয় জনগণের কাছে গণভোটের প্রয়োজনীয়তা এবং কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত—তা ব্যাখ্যা করবেন।এনসিপি এই পদ্ধতির মাধ্যমে সারা দেশে একটি সর্বব্যাপী উপস্থিতি নিশ্চিত করতে চায়। বিজ্ঞপ্তিতে মাহাবুব আলম উল্লেখ করেন।
প্রার্থী থাকা বা না থাকা—কোনো আসনেই যেন সংস্কারের বার্তা পৌঁছাতে ঘাটতি না থাকে, সেটিই দলের মূল লক্ষ্য। দলটির মতে, এই গণভোট কেবল সরকার পরিবর্তনের ভোট নয়, বরং একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার ম্যান্ডেট।অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাব বা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনই এই গণভোট অনুষ্ঠিত হবে। এনসিপি শুরু থেকেই এই গণভোটের পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসছে এবং দেশজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করতে সক্রিয় রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন