জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:০১ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না!’ তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন তাদের ‘মাদার অর্গানাইজেশনের’ এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০ জানুয়ারি নির্ধারিত এই নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
ডাকসু ভিপি তার পোস্টে শাবিপ্রবি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের হুমকি বা চাপের কাছে নতি স্বীকার না করে নির্ধারিত সময়েই যেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হয়।
তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার যেকোনো অপচেষ্টা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। সাদিক কায়েমের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছে। রিটটি করেছেন মমিনুর রশিদ শুভ নামের একজন স্বতন্ত্র প্রার্থী।এদিকে শাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে।
সাধারণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই ভোটের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন আজ অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণার সময়সীমা আরও ১২ ঘণ্টা বৃদ্ধি করেছে। উল্লেখ্য যে, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাদিক কায়েমসহ ছাত্রনেতাদের এই কঠোর অবস্থান শাবিপ্রবি প্রশাসনের ওপর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন